ইনজুরি ভাবাচ্ছে দোলেশ্বরকে

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের আতঙ্ক নিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে ক্লাবগুলো। গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে চারটি ক্লাব অনুশীলন করেছে। সকালে আবাহনী লিমিটেড ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব, দুপুরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব অনুশীলন করে।

আগের কয়েক আসরের মতোই এবারও প্রাইম দোলেশ্বরের হেড কোচ মিজানুর রহমান বাবুল। ভারসাম্যপূর্ণ দল গড়লেও লিগ শুরুর আগে ইনজুরি ভাবাচ্ছে দোলেশ্বর শিবিরকে। লিগামেন্ট ইনজুরি, এইচএসপি পরীক্ষার কারণে যুব বিশ্বকাপজয়ী শামীম হোসেন পাটোয়ারিকে পাচ্ছে না ক্লাবটি। ইনজুরিতে আছেন দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। পুরোপুরি ফিট নন পেসার কামরুল ইসলাম রাব্বি।

কোচ মিজানুর রহমান বাবুলও স্বীকার করেছেন ক্রিকেটারদের চোট দলের জন্য বড়ো চিন্তার কারণ। গতকাল সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমাদের শামীম পাটোয়ারির লিগামেন্ট ইনজুরি। এমনকি আমাদের অধিনায়ক ফরহাদ রেজাও ইনজুরড। সুস্থ হতে তার আরো কয়েক দিন লাগবে। তাই এগুলো আমাদের জন্য চিন্তার কারণই বটে।’

কামরুল ইসলাম রাব্বি গতকাল বোলিং করেছেন। দোলেশ্বরের কোচ বলেন, ‘রাব্বি আজ (গতকাল) বোলিং করেছে। আমরা দেখেছি, সে ৭০ শতাংশ দিয়ে বোলিং করছে। আশা করি সে দ্রুত শতভাগ ফিরে পাবে।’

পেস বিভাগের ঘাটতি কাটাতে তরুণদের দিকে তাকিয়ে মিজানুর রহমান বাবুল। ক্লাবটি এবার দলে টেনেছে সিলেটের পেসার রেজাউল হোসেন রাজাকে। প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নেওয়া এই পেসারকে নিয়ে বেশ আশাবাদী দোলেশ্বর।