ব্রাজিল ও আর্জেন্টিনার খেলাগুলো স্থগিত

বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপটা বেশ মোক্ষমভাবেই টের পাচ্ছে ক্রীড়াবিশ্ব। একের পর এক জমজমাট সবগুলো আসর পিছিয়ে যেতে শুরু করেছে। এবার ‘কোপ’টা পড়লো দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোর ওপর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাধ্য হয়েই ম্যাচগুলো স্থগিত করেছে।

দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০ সদস্য দেশ প্রথম দুই রাউন্ডের ১০টি ম্যাচ আয়োজনের ব্যাপারে অপারগতার কথা ফিফাকে জানিয়েছিল গত বুধবার। এর দিন দুয়েকের মাথাতেই ম্যাচগুলো স্থগিত করা হলো। ম্যাচগুলো হওয়ার কথা ছিল আগামী ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে। এই সময়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মাটিতে গিয়ে খেলার কথা ছিল বলিভিয়ার। আবার পেরুতে গিয়েও ম্যাচ খেলার কথা ছিল ব্রাজিলের। আবার দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাটিতে গিয়ে খেলার কথা ছিল ইকুয়েডরের। আর বলিভিয়ায় গিয়ে খেলার কথা ছিল আর্জেন্টিনার। এর অর্থ হলো করোনা ভাইরাসের প্রভাব এবার পড়ল ব্রাজিল, আর্জেন্টিনার ম্যাচের ওপর।

ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামৌরা কনমেবলের সেক্রেটারি জেনারেল হোসে অ্যাস্তিগ্যারাগার সঙ্গে আলাপ করেই খেলাগুলো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফাতমা সামৌরা বলেন, ‘আমরা এক সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। দলগুলোর সঙ্গে কথা বলেছি। কবে আবারও সেই ম্যাচগুলো আয়োজন করা যায়, সেই নিয়ে আমাদের কথা হচ্ছে। হয়তো দ্রুতই আমরা কোনো একটা সমাধানে পৌঁছাতে পারব।’ এর আগেই ফিফা এশিয়া অঞ্চলের মার্চ মাসের বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করা হয়েছে। কারণ এই এশিয়া অঞ্চলেই করোনা ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি।