পিছিয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও এবার পড়লো করোনা ভাইরাসের প্রভাব। শেষ ষোলোর দ্বিতীয় লোগের লড়াইয়ে আসছে সপ্তাহে ম্যানচেস্টার সিটির খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আর জুভেন্তাসের ম্যাচ ছিল অলিম্পিক লিঁওর বিপক্ষে। তবে করোনা ভাইরাসের প্রকোপে ম্যাচগুলো পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আয়োজক সংস্থা উয়েফা।

বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের ফুটবল দলের সবার সব রকম অনুশীলন বন্ধ করে দিয়েছে। আর বাস্কেটবল ক্লাবের এক খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে পুরো বাস্কেটবল দলের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অন্যদিকে জুভেন্তাস দলের রক্ষণভাগের খেলোয়াড় ড্যানিয়েলে রুগানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গত বুধবারে। ফলে রোনালদোসহ দলের সকল খেলোয়াড় এখন কোয়ারেন্টাইনে আছেন। তাই বাধ্য হয়েই এই ক্লাবগুলোর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচগুলো হওয়ার কথা ছিল আগামী ১৭ মার্চ।

উয়েফা টুইটারে এক বিবৃতিতে বলেছে, ‘জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ ক্লাব তাদের সকল সদস্যকে কোয়ারেন্টাইনে রাখার ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন ম্যাচগুলো যথাসময়ে আয়োজন করা সম্ভব হবে না।’