পরিচয় মিলেছে শিশুটির

নির্মমতার শিকার অজ্ঞাত শিশুটির পরিচয় মিলেছে। তার নাম  মো. মাহবুব (১১)। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার বেমগাদিয়া। তার বাবার নাম সাইদুল ইসলাম। মায়ের নাম আছিয়া বেগম। গতকাল শুক্রবার বিকালে চাচা মতিউর রহমান  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন। সে মাদ্রাসার শিক্ষার্থী। গতকাল পর্যন্ত শিশুটির জ্ঞান ফেরেনি।

মাহবুবের চাচা মতিউর রহমান বলেন, দুই বছর ধরে মাহবুব গাজীপুর জেলার পূবাইল হায়দ্রাবাদ হাজী ফজলুল হক হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করত। গত শনিবার তাকে অপহরণ করে দুর্বৃত্তরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। কিন্তু অপহরণের পর তার অবস্থান কোথায় তা জানা যায়নি। গতকাল পত্রিকায় খবর দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তিনি তার ভাতিজা মাহবুবকে শনাক্ত করেন।

মতিউর রহমানের ধারণা, অপহরণকারীরা মাহবুবকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে তাকে মারধর করে। মারধরে মাহবুব জ্ঞান হারিয়ে ফেলে। পরে মৃত ভেবে তাকে রাস্তার পাশে ফেলে রাখে।                 গাজীপুরের কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) আবুল কামাল বলেন,  গত রবিবার সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আজমতপুর এলাকার মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় মাহবুবকে (অজ্ঞাত) উদ্ধার করা হয়। প্রথমে কালীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে নিয়ে যান রাজধানীর উত্তরার একটি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সোমবার  রাত সাড়ে ৯টার দিকে তাকে ভর্তি করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি ইউনিটে (তিন) এর অধীনে  ২০৪ নম্বর ওয়ার্ডের ভেতরের বারিন্দায় ১৩ নম্বর বেডে রয়েছে।