ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের জামগড়া গ্রামের ব্যবসায়ী আলতাব হোসেনকে তিনদিন মুক্তাগাছা থানায় আটকে রেখে প্রতারণা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ৫ মার্চ জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরার পর অসুস্থ আলতাব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) আলতাব হোসেনকে থানা হাজতে তিনদিন আটকে রাখা ও পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে।
গতকাল শুক্রবার সংগঠনের চেয়ারপার্সন সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, পুলিশী নির্যাতনে মৃত্যু কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রকৃত ঘটনা উদঘাটনে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া আবশ্যক। এমএসএফ লাশের সুষ্ঠু ময়নাতদন্ত সাপেক্ষে তা প্রকাশ করে, দ্রুততার সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।