আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল। এখন করোনা পরিস্থিতি নিয়ে অযৌক্তিক সমালোচনা করছে।
ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। তিনি নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন। এতে দেশে সতর্কতামূলক একটা আবহ তৈরি হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে। বিশ্বের প্রায় ১০০টির বেশি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত। আমাদের দেশে যাতে এই রোগটি বিস্তৃত হতে না পারে, সেজন্য সকলের সচেতনতা দরকার।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার শুরু থেকে যথেষ্ট প্রস্তুতি নেয়নি বলে যে অভিযোগ বিএনপি নেতারা করছেন তা প্রত্যাখ্যান করে সেতুমন্ত্রী বলেন, আমাদের কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা এখন সমাধান হয়ে গেছে। এখন প্রস্তুতিতে কোনো কিছুরই ঘাটতি নেই। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হেসেন, আফজাল হোসেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।