আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসি ম এমপি করোনা ভাইরাসসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, করোনা ভাইরাসে সারা দুনিয়া আক্রান্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অনেক মানুষ মারা গেছে। কিন্তু সরকারের সতর্ক অবস্থানের কারণে বাংলাদেশে এখন পর্যন্ত এ রোগ ছড়ায়নি। বিশ্ব যেখানে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ সফলভাবে তা নিয়ন্ত্রণে রেখেছে।
গতকাল শুক্রবার দুপুরে কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের বাগবাটিতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে প্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, করোনা নিয়ে কোনো রাজনীতি নেই, দলও নেই। সবাই মিলে এর মোকাবিলা করতে হবে। আমাদের আরো সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন হয়েছে, জঙ্গি-সন্ত্রাস মুক্ত হয়েছে, বিদ্যুত্ সমস্যার সমাধান হয়েছে। বাংলাদেশ এখন আলোকিত।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ, কাজীপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। দিনব্যাপী এই ক্যাম্পে গাইনি, ডায়াবেটিস, দন্ত, সাধারণসহ প্রায় ৪ হাজার রোগীকে চিকিত্সা ও ওষুধ প্রদান করা হয়।