সরাইলে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নিহত ১

সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে শামসুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৪০ জন। গতকাল শুক্রবার সকালে পরমানন্দপুর গ্রামের নূর আলী ও আইয়ুব আলী খাঁর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

 পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে গ্রামের নূর আলী ও    আইয়ুব আলী খাঁর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলে সংঘর্ষ। সংঘর্ষে শাসমুল হক আহত হন। বেলা ১টার দিকে সরাইল থানার পুলিশ ওসি (তদন্ত) নুরুল হকের নেতৃত্বে ২৫-২৬ জন পুলিশ গ্রামে অভিযান চালায়। বেলা দেড়টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে আহত শাসমুল হক মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর মারা যান। তিনি গ্রামের শওদাগর চৌধুরীর ছেলে। শামসুল হক আইয়ুব আলীর পক্ষের ছিলেন। স্থানীয়দের অভিযোগ পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় শামসুল হকের লোহজন পুলিশের ওপর হামলা চালায়। এতে সরাইল থানার এসআই মঞ্জুর আহমেদ, এসআই জাহিদুল ইসলাম, সদস্য শাহাদত্ হোসেন, রেজাউল সরকার, রোকন উদ্দিন, আবদুল মালেক ও ইরফান সরকার আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 পুলিশের লাঠির আঘাতে নিহত হওয়ার কথা অস্বীকার করে সরাইল থানার ওসি শাহাদত হোসেন বলেন, সংঘর্ষে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।