বন্দর দাবড়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং

বন্দর দাবড়ে বেড়াচ্ছে ‘কিশোর গ্যাং’। ২১ নম্বর ওয়ার্ডস্থ ছালেনগর এলাকার কিশোরদের একটা দল প্রতিদিন রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এলাকায় তুচ্ছ কোনো ঘটনা হলেই এরা ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না। প্রতিদিন স্কুল চলাকালীন শাহী মসজিদ এলাকার সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা তাদের যেন রুটিন কাজে পরিণত হয়েছে। স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করা, পুকুরপাড় গলিতে দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করাসহ নানা ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে থাকে তারা। তাদের উচ্চগতির মোটরসাইকেলের রেশ পথচারীদের কাছে আতঙ্কস্বরূপ।

সম্প্রতি ছালেনগর এলাকায় মাসুম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে এ কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর আগে বন্দর কলাবাগ ঝাউতলা এলাকায় এ কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শোডাউন করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘কেউ কেউ এলাকায় টিকে থাকতে এসব গ্যাংয়ে যুক্ত হয়। আবার কেউ কেউ দাপট দেখিয়ে এলাকা নিয়ন্ত্রণে রাখতে চায়। এ গ্যাংটি নানা অপকর্ম করে বেড়ায়। কেউ প্রতিবাদ করলেই মারামারি হয়।’

খালপাড় এলাকার এক মুদি দোকানি জানান, মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা প্রতিদিনই ঘটে। শাহী মসজিদ এলাকায় কিছু হলেই এ গ্রুপটি চাকু ছোরা নিয়ে বেরিয়ে পড়ে। এদের যেন কোনো মতেই প্রতিরোধ করা যাচ্ছে না। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আমি এই গ্রুপ সম্পর্কে অবগত নই। তবে সমাজে আইনশৃঙ্খলা ব্যাঘাতকারী যেই হোক কোনো ছাড় পাবে না। অপরাধীদের সঙ্গে কোনো আপস নয়। খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’