সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২০-২০২১) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল (সাদা) হতে সভাপতিসহ ছয়টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল) হতে সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছে। দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গতকাল শুক্রবার সকালে এই ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী সাদা প্যানেল হতে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট। সভাপতি ছাড়াও সরকার সমর্থিত সাদা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. মনিরুজ্জামান, সহ-সম্পাদক পদে মোহাম্মদ ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া, সদস্য পদে মো. হুমায়ুন কবির এবং মোহাম্মদ মশিউর রহমান বিজয়ী হয়েছেন।
সমিতির সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেল থেকে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট। সম্পাদক ছাড়াও নীল প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. আব্দুল জব্বার ভুঁইয়া, কোষাধ্যক্ষ পদে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, সদস্য পদে আইনজীবী মার-ই-আম খন্দকার, আমিরুল ইসলাম খোকন, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম টুটুল, মোহাম্মদ মহসিন কবির এবং মোহাম্মদ শরিফ উদ্দিন রতন নির্বাচিত হয়েছেন।
গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ হাজার ৭৮১ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৯৪০ জন আইনজীবী ভোট দিয়েছেন। সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।