মোদি আসতে অপারগতা জানানোয় করোনার ঘোষণা :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন আসছেন না? কী কারণে আসতে চাইলেন না? তিনি আসতে অপারগতা জানানোর পরই সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশে তিন জন করোনায় আক্রান্ত। এসব নাটক জনগণ বোঝে।

গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনা ভাইরাস : বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে এ সভায় বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদি হাসান পলাশ ও মহাসচিব এম জাহাঙ্গীর আলম।

করোনা মোকাবিলায় সরকারের কতটুকু প্রস্তুত রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে মওদুদ আহমদ বলেন, দয়া করে আপনারা (আওয়ামী লীগ) করোনা নিয়ে রাজনীতি করবেন না। আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন। আপনাদের কাছ থেকে আমরা এটুকু আশা করব, এটা যেন ব্যাপক আকার ধারণ না করে। আমি মনে করি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সতর্কতামূলক বন্ধ ঘোষণা করা উচিত। কেউ কি বলতে পারব—কখন কোথায় কে আক্রান্ত হবে। সরকারের উচিত হবে না এ ঝুঁকি নেওয়া। যত রকমের সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে সেটা গ্রহণ করতে হবে। তিনি বলেন, বিমানবন্দরে যে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে তা একেবারেই অল্প। বহু মানুষ এখন দেশে আসছে। মামুলি দায়সারা স্ক্যানিং করে ছেড়ে দেয়া হচ্ছে। একজন আক্রান্ত হলে তার সেবার প্রয়োজন।

মাহমুদুর রহমান মান্না বলেন, মুজিববর্ষ যদি জাতীয় অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেই অনুষ্ঠানে খালেদা জিয়া, সব মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিরোধীদলীয় নেতা যারা জেলে আছেন তারা সবাই থাকতেন। তিনি বলেন, এই রোগ যদি মহামারি আকারে ছড়িয়ে পড়ে সেই সঙ্কট মোকাবিলা করার মতো ক্ষমতা সরকারের নেই।