‘স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের নৈপথ্যের ঘটনাগুলো সামনে আনতে চাই’

অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। পেশায় একজন চিকিত্সক হলেও সংস্কৃত অঙ্গনের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন। মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ প্রকাশ হতে যাচ্ছে তার বই ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্র’। এটির প্রকাশনা উত্সবও আয়োজন করা হয়েছে। পাশাপাশি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গান ও রবীন্দ্রসংগীত নিয়ে অ্যালবাম প্রকাশের প্রস্তুতি চলছে তার। এছাড়াও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করবেন তিনি। সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

আপনার এখনকার ব্যস্ততা—

মুজিববর্ষ উপলক্ষে আমি একটি বই প্রকাশ করছি। বইটির নাম ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্র’। ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বইটি বাজারে আসবে। আর এই উপলক্ষে ২১ মার্চ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গ্রন্থের প্রকাশনা উত্সব আয়োজন করা হয়েছে। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে আমি একজন শব্দসৈনিক ছিলাম। বাড়িতে না বলে আমি সেখানে যোগ দিই। যখন আমার গান প্রচার হলো, এরপর সবাই বিষয়টি জানেন। আমার বাড়িতেও তখন জানে। স্বাধীনবাংলা বেতার কেন্দ্র সম্পর্কে  আমরা হয়তো অনেককিছুই জানি। কিন্তু এর ভেতরের কথাগুলো অনেকেরই অজানা। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের নৈপথ্যের ঘটনগুলো সামনে আনতে চাই।

 

গান নিয়ে কোনো পরিকল্পনা করছেন কি-না?

গতবছর হৈমন্তি সুকলার সঙ্গে আমার একটি ডুয়েট অ্যালবাম রিলিজ হয়। এই বছরেও ডিসেম্বরে একটি একটি অ্যালবামের পরিকল্পনা রয়েছে। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কয়েকটি গান নিয়ে আমি অ্যালবামটি সাজাতে চাই। এটি অ্যালবাম আকারের পাশাপাশি ইউটিউবেও প্রকাশ করা হবে। এই পরিকল্পনা চলছে।

 

রবীন্দ্রসংগীত নিয়ে আপনি নতুন একটি পরিকল্পনা করছেন। সেই বিষয়টি সম্পর্কে জানতে চাই—

রবীন্দ্রনাথ নিজেই তার গানের স্বরলিপি তৈরি করে গেছেন। এরপরও যখন এখনকার অনেকে সুর বিকৃত করে গানগুলো করেন সেটি আসলেই খারাপ লাগার বিষয়। ফিউশন হতেই পারে কিন্তু সেটি সুর ঠিক রেখে। সুর পাল্টে যদি গান করা হয় তাহলে নতুন যে শ্রোতারা রয়েছেন তারা বিভ্রান্তিতে পড়বেন। তাই আমি পরিকল্পনা করেছি রবীন্দ্রসংগীতের স্বরলিপিসহ কয়েকটি গান করবো। সেগুলো ইউটিউবে প্রকাশ করতে চাই।

 

‘স্বর্গ থেকে নরক’ সিনেমার পর আপনি নতুন কোনো সিনেমা নির্মাণ করেননি। সামনে কোনো সিনেমা করবেন কি-না?

সিনেমা নিয়ে এখন চিন্তা নেই। তবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবো। তা নিয়ে কাজ এগুচ্ছে। এটিও মুক্তিযুদ্ধ ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্র নিয়ে করতে চাই। আমার মনে হয় এই দুটি বিষয় নিয়ে আমাদের কাজ করার অনেক জায়গা রয়েছে।