করোনা ভাইরাস মোকাবিলার পরামর্শ দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করেছে তারা।
দলীয় পত্রিকা আল নাবায় এসব নির্দেশনা প্রকাশিত হয়েছে। শুক্রবার মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ এড়াতে জঙ্গিদের ইতোমধ্যেই আক্রান্ত হওয়া ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে। খাবার গ্রহণের আগে হাত ধোয়া এবং আক্রান্ত এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাঁচি দেওয়ার সময় হাত বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সিরিয়া ও ইরাকের অংশবিশেষ নিয়ে আইএসের কথিত খিলাফত ধ্বংস হয়ে গেলেও জঙ্গিগোষ্ঠীটি এখনও তৎপর রয়েছে। বিচ্ছিন্নভাবে এ দুই দেশের কিছু অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এছাড়া জঙ্গি গ্রুপটি আফ্রিকা এবং এশিয়ায় প্রভাব বিস্তার করতে তৎপরতা দেখাচ্ছে।
তাদের তাণ্ডব এতই ভয়াবহ ছিলো যে, সিরিয়া ও ইরাক জুড়ে এখনও নিয়মিতভাবে গণকবরের সন্ধান মিলছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস এখন বিশ্ব মহামারী। এই ভাইরাসে দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিশ্ব।
এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। মারা গেছে পাঁচ হাজার জন। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। তার পরেই রয়েছে ইতালি ও ইরান।
ইত্তেফাক/জেডএইচ