ঝুঁকি এড়ালেন রিচার্ডসন-ফার্গুসন

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের ঝুঁকি এড়ালেন দুই পেসার। তারা হলেন অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন ও নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন।  যদিও, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ স্থগিত করা হয়েছে।

হঠাত্ করেই গলা ব্যথায় অসুস্থ হয়েছিলেন রিচার্ডসন। তখনই কোয়ারেন্টাইনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে পরীক্ষার পর জানা গেছে, তার ফল নেগেটিভ। পরীক্ষার ফল জানার পর সিডনিতে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন রিচার্ডসন। সিএ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

করোনা ভাইরাস আতঙ্কে হোটেল রুমে তাকে কোয়ারেন্টাইন করা হয়েছিল রিচার্ডসনকে। সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অবশ্য প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাননি তিনি।

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার সিডনিতে ওয়ানডে খেলার পর পরই গলায় ব্যথা অনুভব করেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন। করোনা ভাইরাসের অন্যতম উপসর্গ গলা ব্যথা হওয়া। এর পর পরই তাকে দলের অন্যদের থেকে আলাদা করা হয়। যদিও, গতকাল তার করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আজ রোববার তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

যদিও, নিউজিল্যান্ড দলকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। গতকালই তারা দেশে চলে এসেছে। কয়েকটি দেশ থেকে ফেরার পর সেই ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ড সরকার, সেই দেশগুলোর তালিকায় আছে অস্ট্রেলিয়ার নামও। আগামী শনিবার দেশের বিমানে উঠবেন কিউই খেলোয়াড়রা।