স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের আতঙ্কে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকবে কিনা, সব খেলা ঢাকায় হবে কিনা এ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা পরিষ্কার হয়ে গেছে। যেভাবে দেশের শীর্ষ লিগটির খেলা চলছিল সেভাবেই সাত ভেন্যুতে তা অব্যাহত থাকবে। এর সঙ্গে খেলা আরো এগিয়ে আনা হয়েছে।
কাতার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের কারণে প্রিমিয়ার লিগের ফিকশ্চারে ১৭ দিন বিরতি ছিল। কিন্তু ফিফা এই খেলাগুলো স্থগিত রাখায় সেই সময়টা কাজে লাগাবে পেশাদার লিগের ক্লাবগুলো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি গতকাল শনিবার বিকালে জরুরি সভায় বসেছিল। করোনা ভাইরাস আতঙ্কে লিগ চালিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে সভাটি বসেছিল। সবার জানা ছিল লিগ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হতে যাচ্ছে লিগের পরবর্তী খেলাগুলো।
কিন্তু সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, লিগ চলবে ফিকশ্চার অনুযায়ী। তিনি বলেন, ‘জাতীয় দলের খেলার কারণে যে কয়দিন লিগ বন্ধ থাকার কথা ছিল তা হবে না। যেভাবে খেলা চলছিল সেভাবেই সাত ভেন্যুতে খেলা চলবে।’
তিনি এও জানিয়েছেন, পরবর্তী পরিস্থিতিতে সিদ্ধান্ত না আসা পর্যন্ত খেলা চলবে।
বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ১১ মার্চ জানিয়েছিলেন করোনা আতঙ্কে লিগের খেলা এক ভেন্যুতে আনা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘সভাপতির কাছে চার পাঁচটি ক্লাব জানতে চেয়েছিল এই পরিস্থিতিতে কি হবে। সেটা নিয়েই সভা।’
সালাম মুর্শেদী বলেন, ‘সভাপতির নির্দেশ রয়েছে খেলা বন্ধ থাকবে না। আমরা ক্লাবগুলোর সঙ্গে কথা বলে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, খেলা তার গতিতেই চলবে।’
জানা গেছে ক্লাবগুলো চাইছে না খেলা বন্ধ থাকুক। কারণ একদিন খেলা বন্ধ থাকলে ক্লাবের প্রচুর খরচ। জাতীয় দলের খেলা না থাকায় বরং লিগের খেলাটা এগিয়ে এসেছে। তাতে সময় বাঁচতে যাচ্ছে।