লিগ জিততে পারে লিভারপুল-বার্সা

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপে এখনই ইউরোপীয় লিগগুলোর মৌসুম শেষ করে দিলে ইংলিশ আর স্প্যানিশ লিগের চ্যাম্পিয়ন হবে লিভারপুল আর বার্সেলোনা, গুঞ্জন ইউরোপীয় সংবাদ মাধ্যমে। অবশ্য অবনমনের ক্ষেত্রে দুটো ভিন্ন পথেই হাঁটার সম্ভাবনা দুটো লিগের।

ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, এখনই লিগ বাতিল ঘোষণা করা হলে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলই শিরোপা জিতবে। তবে অবনমনের ক্ষেত্রে খুব কঠিন এক সিদ্ধান্তই নিতে যাচ্ছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লিগের নিচের দিকের পাঁচটি দলকে অবনমনের খড়গে পড়তে হতে পারে উদ্ভুত পরিস্থিতিতে।

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে এগিয়ে আছে ২৫ পয়েন্টের ব্যবধানে আর দুটো জয় হলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাওয়াতেই সৃষ্টি হয়েছে শঙ্কা। টেলিগ্রাফের এই প্রতিবেদনের পর অবশ্য শঙ্কা কিছুটা কমবে অলরেড ভক্তদের।

ডেইলি মেইল জানাচ্ছে, লিভারপুলকে শিরোপা দিয়ে দিলে আপত্তি থাকবে না প্রিমিয়ার লিগের বাকি দলগুলোর। তবে অবনমন নিয়ে জলঘোলা হওয়ার বড়ো সম্ভাবনাই সৃষ্টি হয়েছে।

অবনমন অঞ্চলে থাকা দলগুলোর কথা মাথায় রেখে আরেকটা উপায়ও ভাবছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সেটা হলে চলতি মৌসুম শেষে অবনমিত হবে না কোনো দল, চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসবে আরো দুটো দল। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ হবে ২২ দলের। আর বাড়তি দুটো গেমউইককে সময় করে দিতে কারাবাও কাপ এক মৌসুমের জন্য স্থগিত হয়ে যাবে।

লা লিগাতেও চলছে এমন কিছুরই ভাবনা। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, সেটা হলে শিরোপা উঠবে এ মুহূর্তে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার হাতে। অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থাকার কারণে ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবারের মতো খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স লিগ।

২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে স্পেন থেকে বার্সেলোনার সঙ্গী হবে রিয়াল মাদ্রিদ, সেভিয়া আর রিয়াল সোসিয়েদাদ। ইউরোপা লিগে খেলবে গেতাফে, অ্যাটলেটিকো মাদ্রিদ আর ভ্যালেন্সিয়া। কোপা দেল রের ফাইনালও অনুষ্ঠিত হবে না। ফলে অ্যাথলেটিক বিলবাও হারাবে ইউরোপা লিগে খেলার সুযোগটাও।

মৌসুম বাতিল ঘোষণা করা হলে সবচেয়ে লাভবান হবে অ্যাস্পানিয়ল, লেগানেস আর রিয়াল মায়োর্কা। অবনমন অঞ্চলে থাকা দল তিনটিকে অবনমনের খড়গে পড়তে হবে না। তবে দ্বিতীয় বিভাগ থেকে ঠিকই দুটো দল উঠে আসবে লা লিগায়। বর্তমানে দ্বিতীয় বিভাগের শীর্ষে থাকা রিয়াল জারাগোজা আর কাদিজকে নিয়ে ১৯৯৬-৯৭ মৌসুমের পর প্রথমবারের মতো লা লিগা হবে ২২ দলের।