স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের প্রভাবে ভারতীয় ক্রিকেটে চলছে অচলাবস্থা। স্থগিত করা হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গেছে। এসবের মধ্যেই বিতর্কিত এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকারকে নিজেদের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বৃহস্পতিবার ধর্মশালায় ভারতের প্রথম ওয়ানডেটি অবশ্য মাঠে গড়াবার কথা ছিল। তবে বৃষ্টিতে ভেসে যায় সেই ম্যাচ। সেই ম্যাচের জন্য ধারাভাষ্য প্যানেলের সুনীল গাভাস্কার, লক্ষ্মণ শিবারামকৃষ্ণান, মুরালি কার্তিকরা উপস্থিত ছিলেন। তবে ছিলেন না সঞ্জয় মাঞ্জেরেকার। কারণ হিসেবে মুম্বাই মিরর বলেছে, সঞ্জয় মাঞ্জেরেকারের কাজে সন্তুষ্ট নয় বিসিসিআই। মাঞ্জেরেকার আগামী গেল তিনটি বিশ্বকাপসহ আইসিসির সবগুলো ইভেন্টে ধারাভাষ্য দিয়েছেন। তবে, এখন বিসিসিআইয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। মাঞ্জেরেকারকে তাই আইপিএলেও না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও, মাঞ্জেরেকার এখনো এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে, বিসিসিআইয়ের দায়িত্বশীল ও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘তাকে মনে হয় আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকেও বাদ দেওয়া হবে। তার কাজে বিসিসিআই সন্তুষ্ট না।’
তবে, ধারাভাষ্যে বসে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা স্পর্শকাতর মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট চলাকালীন সহকর্মী হার্শা ভোগলেকেও আক্রমণ করেছিলেন। পরবর্তীতে এসব ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করলেও তাতে বিসিসিআইয়ের মন গলেনি।