আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কারণে বঞ্চনা আর কত দিন?

পারিবারিক পেনশনভোগী বিপত্নীক স্বামীরাও বিধবা স্ত্রীদের মতো আজীবন পেনশন পাবেন বলে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ থেকে ১৪-১১-২০১৮ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অন্য একটি অংশ ‘আর্থিক প্রতিষ্ঠান  বিভাগ’ এখনো প্রজ্ঞাপনটি তার অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে পাঠায়নি। একই বিভাগ অর্থ বিভাগের ৩০-৫-২০১৯ তারিখের অন্য একটি স্মারকলিপি আটকে রেখেছে। পেনশনে পুনঃস্থাপিতদের মৃত্যুর পর তাদের পরিবারের পেনশনপ্রাপ্তির জন্য অনেক লেখালিখির পর হিসাব মহানিয়ন্ত্রকের সুপারিশে অর্থ বিভাগ ২৮-১০-২০১৯ তারিখে সম্মতি জ্ঞাপন করে একটি স্মারকলিপি ইস্যু করেছে। সেটিও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ফাইলে আটকে আছে। স্মারকটির জন্য সত্তরোর্ধ্ব বিধবা/বিপত্নীক নারী-পুরুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রসঙ্গত, পেনশন সমর্পণকারীদের সময়ে সময়ে বর্ধিত উত্সবভাতা পাওয়া সংক্রান্ত একটি প্রজ্ঞাপন, ৬ বছর আগে, একই বিভাগে আটকে রাখার কারণে তার সুবিধা পেতে প্রাপকদের  ৬ হতে ৩০ মাস পর্যন্ত  অপেক্ষা করতে হয়েছিল। তার আগে বিভাগটি এক সময়ে তুলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের সুষ্ঠু তদারকির জন্য এটি আবার চালু করা হয়। এ অবস্থায়, ঐ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ করে অবসরপ্রাপ্তদের, বঞ্চনা ঘোচাতে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

ওয়াহিদুল ইসলাম আখন্দ

৫৭০/১-বি, সেনপাড়া-পর্বতা, ঢাকা ১২১৬