খাদ্যে ভেজালের জন্য শুধু সরকারকে দোষারোপ করলে হবে না —খাদ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

খাদ্যে ভেজালের জন্য শুধু সরকারকে দোষারোপ করলে হবে না। এজন্য সচেতনতা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বিভাগ থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যন্ত ভেজালকে না বলতে হবে। গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘সেফ ফুড ফর অল :এ কমিটমেন্ট টুয়ার্ডস ডেভেলপমেন্ট বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন রশিদ।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা তৈরির জন্য যে প্রচারণা চালাচ্ছি, নিরাপদ খাদ্যের ক্ষেত্রে অনুরূপ প্রচারণা চালালে নিরাপদ খাদ্য পাওয়া সম্ভব হবে। তিনি বলেন, যে কৃষক ফসল ফলায় তিনি কি অপরাধ করেন? অপরাধ করেন যারা প্রসেসিং করেন এবং এর মধ্যে যারা ব্যবসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান গোলাম রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাঙ্গার ফ্রি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান।