আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস
ইত্তেফাক রিপোর্ট
ভোক্তা অধিকার নিশ্চিতে হটলাইন সেবা ‘ভোক্তা বাতায়ন’ চালু করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই হটলাইনে সাধারণ ভোক্তারা সহজেই তাদের অভিযোগ জানাতে পারবে। আজ রবিবার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সেবাটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ।
গতকাল শনিবার রাজধানীতে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা এ তথ্য জানান। তিনি বলেন, এই হটলাইন সেবা চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ ভোক্তা তার সমস্যার কথা তুলে ধরে প্রতিকার চাইতে, তার অধিকার সম্পর্কে জানতে ও কিভাবে অভিযোগ দায়ের করতে হয় তাও জানতে পারবেন।
জনবল ও লজিস্টিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি করোনায় মাস্কের দাম নিয়ন্ত্রণে অভিযানগুলো কোনো অভিযোগের ভিত্তিতে নয়, জনসাধারণের কথা চিন্তা করেই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, শুধু ঢাকা শহরেই নয়, সারাদেশেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষই ভালো, কিন্তু দুই একজন অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের মাঝে মাঝে ছন্দপতন ঘটে। এটি যাতে না ঘটে, সেজন্য প্রতি বুধবার রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীকে নিয়ে সচেতনতামূলক সভা করা হয়ে থাকে। তবে শুধু ব্যবসায়ীদের দায়ী করলে হবে না, ভোক্তাদেরও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।