ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর কদমতলীর ওয়াসা পুকুর পাড়ের পাশের ঝোপঝাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে তার লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। আনুমানিক ১৯ বছর বয়সি নিহত ঐ যুবকের নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে কদমতলী থানার এসআই মো. ইকবাল হোসেন জানান, গত শুক্রবার রাতে পাগলা পয়োনিষ্কাশন ওয়াসা পুকুরের পাশে ঝোপে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, নিহত ব্যক্তির পেটের বাম পাশে ধারালো ছুরির আঘাত রয়েছে। লাশের অর্ধেক পচে গেছে। ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে উক্ত স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ নিহতের পরিচয় জানার চেষ্টা করছে।