খোরশেদ আলম, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ-প্রতাপপুর সড়কের দুইটি সেতু জরাজীর্ণ হয়ে দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় সেতু ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হবার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন ব্রিজ দুইটিতে বর্তমানে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সেনবাগ-প্রতাপপুর সড়কের সেনবাগ পৌর শহরের পূর্ব বাজার সংলগ্ন ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির বেশ কয়েকটি অংশ বিগত এক যুগ আগে ধসে পড়ে। এরপর সওজ কর্তৃপক্ষ ধসে পড়া অংশে লোহার পাত বসিয়ে যান চলাচলের ব্যবস্থা করে। বর্তমানে লোহার পুরোনো পাতগুলো অনেকটা নড়বড়ে অবস্থায় রয়েছে। এছাড়াও, এ ব্রিজটির ৩০০ গজ পূর্ব দিকে থাকা আরেকটি ব্রিজের অবস্থাও প্রায় একই রকম। ঐ ব্রিজের উপরি অংশের ঢালাই ঠিক থাকলেও পাশের রেলিংগুলো অনেক আগেই ভেঙে যায়। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা যানবাহনের সতর্কতার জন্য রেলিংয়ের দিকে সাদা কাপড় ঝুলিয়ে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রায় বছরখানেক আগে ৩ কোটি টাকা ব্যয়ে সেনবাগ থানার মোড় থেকে ফেনীর দাগনভূঁইয়ার প্রতাপপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়ক ১২ ফুট থেকে ১৬ ফুট প্রশস্ত করা হয়।
ঐ সড়কের নিয়মিত সিএনজি অটোরিকশাচালক মো. নজরুল ইসলাম জানান, সড়কটি ছিল আগে ১২ ফুট প্রশস্ত। বছরখানেক আগে সওজর উদ্যোগে সড়কটি সংস্কারের পাশাপাশি ১৮ ফুট প্রশস্ত করা হয়। এতে পূর্ব থেকে ঐ সড়কে যান চলাচল অনেক গুণ বৃদ্ধি পায়। কিন্তু সড়ক প্রশস্ত ও সংস্কারের সময় ব্রিজগুলো মেরামত বা নতুন করে পুনঃনির্মাণ করা হয়নি। এতে চরম ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।
সওজ নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল ইত্তেফাককে জানান, সেনবাগ-প্রতাপপুর সড়কের মধ্যে দুইটি ব্রিজ জরাজীর্ণ অবস্থায় থাকার বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি জানান, খুব শিগগিরই ব্রিজ দুইটি পুনঃনির্মাণ করা হবে।