মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন বসতঘর ভস্মীভূত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের তমিজ উদ্দিন মোল্লার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তানভির বিন সিরাজ বলেন, আমার চাচা তাজুল ইসলামের রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুনের শিখা মুহূর্তে সব ঘরে ছড়িয়ে পড়ে। আমরা ঘরের কিছুই রক্ষা করতে পারিনি। মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভির আহমেদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছে, রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত।