ত্রিশালে পিকনিকের বাসে গার্মেন্টস কর্মীকে হত্যা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে পিকনিকের বাসে রফিকুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ত্রিশালের বৈলর গ্রিন ভিলেজ পার্কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানায়, ঢাকার মিরপুর-১৪ ইব্রাহীমপুর ফুলপাড়া থেকে সাতটি বাসে করে ওরিয়ন ফ্যাশনের ৪০০ কর্মকর্তা-কর্মচারী ত্রিশালের বৈলর এলাকার গ্রিন ভিলেজ পার্কে পিকনিকে আসে। সবাই পার্কে প্রবেশ করলে বাসগুলো রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। দুপুরের দিকে এক নারী কর্মী জরুরি প্রয়োজনে পিকনিকের ২ নম্বর বাসে উঠলে ঐ যুবকের লাশ পড়ে থাকতে দেখে চিত্কার দেয়। পরে গার্মেন্টসের কর্মকর্তারা এসে লাশ ময়মনসিংহ মেডিক্যালে পাঠায়। নিহত রফিকুল কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওরিয়ন ফ্যাশন নামে ঢাকার একটি কারখানায় আইরন ম্যান হেলপার পদে কাজ করতেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, ব্যক্তিগত বিরোধের জেরে গার্মেন্টস কর্মী রফিকুল ইসলামকে খালি বাসে তার বা দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।