করোনা ভাইরাস
কক্সবাজার প্রতিনিধি
করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় পর্যটন শহর কক্সবাজারে সর্বোচ্চ সতর্কাবস্থা নেওয়া হয়েছে। আকাশ ও স্থলপথে কক্সবাজারে আসাদের পরীক্ষায় বিমান ও স্থলবন্দর এবং বাসটার্মিনালে করোনা ভাইরাস শনাক্তে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। এতে কক্সবাজারে আগত দেশি-বিদেশি সব যাত্রীকে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করছেন মেডিক্যাল টিমের সদস্যরা। নজরদারি রাখা হচ্ছে বিপুলসংখ্যক রোহিঙ্গা উপস্থিতির ক্যাম্পগুলোতেও।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, চলমান সময়ের বিশ্বময় আতঙ্ক ‘করোনা ভাইরাস’ সংক্রান্ত রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। নিজের সচেতনতার পাশাপাশি অপরকেও সচেতন করে কোনো গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে রাষ্ট্রীয় আইনানুসারে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান জানান, পর্যটন নগরীতে করোনা মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বিমানবন্দর, টেকনাফ স্থলবন্দর ও বাস স্টেশনে মেডিক্যাল টিম বসানো হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার এ কে এম সাইদুজ্জামান জানান, আকাশ পথে আসা সব যাত্রীকেই থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে।