কক্সবাজার প্রতিনিধি
২৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। এ সময় বেশ কিছু নগদ টাকা, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার ভোররাতে টেকনাফের শাপলাপুর-হোয়াইক্যংয়ের আবু তাহেরের সুপারি বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক রোহিঙ্গা মো. শরীফ হোসেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নম্বর ডি-৪ এর বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল লোক টেকনাফের শাপলাপুর-হোয়াইক্যংয়ের আবু তাহেরের সুপারি বাগানে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক শরীফকে আটক করা হয়। এ সময় বেশ কিছু নগদ টাকা, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক আইনে মামলা হয়েছে।