ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় মহছেনা নামের এক নারীকে হত্যার ঘটনায় দুই জন গ্রেফতার হয়েছেন। তাদেরকে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে। গত ১১ মার্চ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা থেকে মামলার ২ নম্বর আসামি মোফাজ্জল হোসেন মণ্ডলের ছেলে মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে মুরাদের কাছ থেকে তথ্য জেনে তার পিতা ১ নম্বর আসামি মোফাজ্জল হোসেনকে ১৩ মার্চ ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২৬ ফেব্রুয়ারি ঘুমন্ত অবস্থায় স্ত্রী মহছেনাকে ছুরিকাঘাতে খুন করা হয়। গ্রেফতার হওয়া মোফাজ্জল হোসেন মণ্ডল মহছেনার স্বামী বলে জানা গেছে। এ ব্যাপারে মহছেনার ভাই একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিমলা থানার (ওসি তদন্ত) সোহেল রানা বলেন, গতকাল শনিবার গ্রেফতারকৃতদের নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।