করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৫০০ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ভারতে দুর্যোগ ঘোষণা

বিশ্ব জুড়ে নতুন করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে এই ভাইরাসের বিস্তারকে ‘বিজ্ঞাপিত বিপর্যয়’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। করোনায় আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হবে, তাদের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আগামী সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে ইউরোপ করোনা ভাইরাসের নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্বে মহামারি রূপ নিয়েছে করোনা ভাইরাস। শুক্রবার ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বের ১২৩টি দেশে ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। যদিও আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। মারা গেছেন ৪৩ জন। গতকাল নিউ ইয়র্কে প্রথম এক জন করোনায় মারা গেছে। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। করোনার বিস্তার ঠেকাতে ৫০ বিলিয়ন ডলার সাহায্য তহবিলও ঘোষণা করেন তিনি।  নতুন করে সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বড়ো ধরনের জনসমাগম, ক্রীড়া প্রতিযোগিতা ও স্কুল বন্ধসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা ভাইরাস রোধে ইউরোপের ২৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা শুক্রবার থেকে কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণার পর মার্কিন প্রতিনিধি পরিষদ করোনা ত্রাণ প্যাকেজ অনুমোদন করেছে।

করোনা ভাইরাসে সংক্রমিত এক ব্যক্তি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে এসেছিলেন বলে খবর ছড়ানোর পর তিনি নিজে কেন পরীক্ষা করাননি সে প্রশ্ন উঠেছে। শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। তাই আমার ‘সেলফ-আইসোলেশন’ এ যাওয়ার দরকার নেই। হোয়াইট হাউজের চিকিত্সকও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরীক্ষার বা কোয়ারেন্টাইনের কোনো দরকার নেই।

করোনা ভাইরাসের বিস্তারকে ‘বিজ্ঞাপিত বিপর্যয়’ ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যেসব আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি, তাদের চিকিত্সার খরচ নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। ভারতে এখন পর্যন্ত ৮০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই জনের।

ডব্লিউএইচও বলেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইউরোপ। ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ইতালি। শুক্রবার ২৪ ঘণ্টার ব্যবধানে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনে শুক্রবার মারা গেছেন ১২০ জন। স্পেনের জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক দিনে ১ হাজার ৫০০ জন বেড়েছে। শনিবার থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য দেশটিতে সতর্কাবস্থা জারি হচ্ছে। ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত ২ হাজার ৮৭৬ জন এবং মারা গেছেন ৭৯ জন। জার্মানিতে ৩ হাজার ৬২ জন রোগী পাওয়া গেছে এবং মৃত্যু হয়েছে পাঁচ জনের।

যুক্তরাজ্যে আক্রান্ত বেড়ে ৭৯৮ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১১ জনের। শিগগিরই দেশটিতে জনসমাগম বন্ধ হচ্ছে। বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে ডেনমার্ক, চেক রিপাবলিক, শ্লোভাকিয়া, অস্ট্রিয়া, ইউক্রেন, হাঙ্গেরি এবং পোল্যান্ড। বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানির একাংশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্যারিসের ল্যুভ জাদুঘর এবং আইফেল টাওয়ারে শুক্রবার থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস বিষয়ে সোমবার ভিডিও কনফারেন্স করবেন জি-৭ এর শীর্ষ নেতারা। ইরানে করোনা ভাইরাসে সর্বশেষ এক দিনে মারা গেছে ৯৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১১ জনে। দুই সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করছে সৌদি আরব।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, করোনা ঠেকাতে রবিবার মধ্যরাত থেকে দেশটিতে যাওয়া সবাইকে স্বেচ্ছা-আইসোলেশনে থাকতে হবে। করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশসহ সব দেশের নাগরিকের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে নেপাল।

চীনে এই ভাইরাসের বিস্তার শুরু হলেও সেখানে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনে স্থানীয় আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু বিদেশ থেকে আক্রান্তরা আসছে। গতকাল চীনে ১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উহানে আক্রান্ত হয়েছেন মাত্র চার জন। চীন করোনা মোকাবিলায় ইতালিতে বিশেষজ্ঞ পাঠাচ্ছে বলে জানিয়েছে। খবর :বিবিসি, সিএনএন, আলজাজিরা ও এনডিটিভির।

যুক্তরাষ্ট্র ইউরোপে নিষেধাজ্ঞার আওতা আরো বাড়িয়েছে। নতুন করে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড যুক্ত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি শুক্রবার রাতে করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। ফলাফল আসতে হয়তো দুই-তিন দিন সময় লাগবে। হোয়াইট হাউজে প্রবেশের আগে তিনি তাপমাত্রা পরীক্ষা করেছেন এবং তাপমাত্রা স্বাভাবিক।

ওয়াশিংটনে চীনা রাষ্ট্রদূতকে তলব :

‘মার্কিন সেনারা করোনা ছড়িয়েছে’ চীনা মুখপাত্রের এমন দাবিতে ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত সুই তিয়ানকাইকে ডেকে পাঠিয়েছে হোয়াইট হাউজ। কী কারণে বেইজিং এমন মন্তব্য করেছে তার জবাব চাওয়া হবে বলে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে চীন তার মুখ অন্যদিকে ঘুরাতে চাইছে।

 

ভারতে আগামী ৩ এপ্রিল সর্বোচ্চ বেসামরিক পদ্ম পুরস্কার প্রদানের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এছাড়া গতকাল থেকে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনের দরজা।