শরীয়তপুরে চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

শরীয়তপুরের নড়িয়ার ঘড়িসার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আকলিমা বেগম (৪৩) নড়িয়ায় উপজেলা ডিঙ্গামানিক ইউনিয়নের উত্তর সালধ গ্রামের ইয়ার বক্স ব্যাপারির স্ত্রী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসপাতাল ভাঙচুর করে নিহতের স্বজনসহ স্থানীয়রা। এ ঘটনার পর থেকে ডাক্তার মিজানুর রহমান পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে আশামনি বলেন, কিছুদিন পূর্বে আমার মাকে ঘড়িসার ঐ ডায়াগনস্টিক সেন্টারে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমানকে দেখাই। তখন তিনি বলেন, তার মার নাকে পলিপাসজনিত সমস্যা আছে ছোটো একটা অপারেশন করতে হবে। আপনারা ১০-১৫ দিন পরে আসেন। প্রায় ২০ দিন পরে গতকাল মাকে নিয়ে আসি পলিপাস অপারেশনের জন্য। মাকে দুপুরে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। অনেক সময় পার হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাই নাকের অপারেশন করতে এত সময় লাগে কি না। তখন তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কালক্ষেপণ করতে থাকেন। তিন ঘণ্টা পর সন্ধ্যায় বলে আপনার মায়ের অবস্থা বেশি ভালো না তাকে ঢাকা নিয়ে যেতে হবে। এই বলে তারা একটি অ্যাম্বুলেন্স ডেকে উঠিয়ে দেন। তখন আমি দেখি মায়ের হাত-পা ঠান্ডা হয়ে গেছে। তখন আমি বুঝতে পারি মা আর বেঁচে নেই। অপারেশনের টেবিলেই মারা গেছেন। সরকার ও প্রশাসনের কাছে আমি আমার মায়ের হত্যার বিচার চাই। আমার মাকে তারা মেরে ফেলেছে।

আধুনিক হাসপাতালের মালিক সেকান্দার হাওলাদারের কাছে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে উলটাপালটা আচরণ করেন।

নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।