চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নগরী চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে বন্দরনগরীর অলিগলি। করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। অপরদিকে, আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম নির্বাচন পেছানোর বিপক্ষে অবস্থান নিয়েছে। গতকাল শনিবার দুই মেয়র প্রার্থী গোসাইল ডাঙ্গা, বন্দর, নিমতল ও হালিশহর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে এ দাবি জানান।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচন পেছানোর প্রয়োজন নেই। সরকার করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। চট্টগ্রামের উন্নয়নে এবং এ নগরীকে বিশ্বমানের একটি বাসযোগ্য জনবসতি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব শুভ উদ্যোগে আমি সহযোগী হব। চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য শেখ হাসিনা যে প্রচেষ্টা নিয়েছেন, তাকে অর্থবহ করতে আমার প্রয়াস অব্যাহত থাকবে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বড়ো কোনো সভা-সমাবেশ না করার জন্য ব্যক্তিগতভাবে আমি আহ্বান জানাব।
অপরদিকে, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই আগামী ২৯ মার্চের ভোট পেছানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি। আমি মেয়র নির্বাচিত হলে নগরবাসীর সঙ্গে আলোচনা করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও হোল্ডিং ট্যাক্স কমানোর উদ্যোগ নেব। নগরবাসীর জীবনযাত্রার ব্যয় কমানো হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করব।