করোনা ভাইরাস ইস্যুতে আজ রবিবার বিকালে সার্ক ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশ্ব মহামারি করোনা ভাইরাস রুখতে সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের মধ্যে ভিডিও কনফারেন্স আয়োজনের আহ্বান জানিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানও কনফারেন্সে অংশ নিচ্ছে।
শুক্রবার টুইটে নরেন্দ্র মোদি বলেন, আমাদের বিশ্ব এখন করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। বিভিন্নভাবে সরকার ও দেশের জনগণ করোনা মোকাবিলায় সর্বোচ্চ শক্তি ব্যয় করছে। এরপরই তিনি সার্ক নেতাদের মধ্যে ভিডিও কনফারেন্স আয়োজনের কথা বলেন।
গতকাল পাকিস্তানও কনফারেন্সে অংশ নেওয়ার কথা জানিয়েছে। ভারতের মিডিয়া এনডিটিভি জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, পাকিস্তানও বৈশ্বিক এবং আঞ্চলিক পর্যায়ে একসঙ্গে লড়াই চালানোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করছে। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯-এর মোকাবিলায় বিশেষ সহকারী (স্বাস্থ্য) কর্মকর্তাকে নরেন্দ্র মোদি প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নিতে বলেছেন। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে সার্কভুক্ত দেশের নেতারা করোনা ভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলবেন।