ড. কামালকে ২ সপ্তাহের আলটিমেটাম

গণফোরামকে ভাঙন রোধ ও দলীয় ঐক্য রক্ষায় ড. কামাল হোসেনকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন সদ্য দলটির আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া নেতারা। গতকাল শনিবার রাধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সময়সীমা বেঁধে দেন সদ্য ভেঙে দেওয়া নির্বাহী কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ। তিনি বলেন, ড. কামালকে সামনে রেখে উচ্চাভিলাষী ও কুচক্রী মহল দলে ব্যক্তিস্বার্থ চরিতার্থের অপচেষ্টা চালাচ্ছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও গঠনতন্ত্র লঙ্ঘন করে ১০ মাস কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করেনি। ফলে দলের মধ্যে বহিষ্কার, পালটা-বহিষ্কারের ঘটনা ঘটেছে। ড. কামাল হোসেনের উদ্দেশ্যে তিনি বলেন, অনতিবিলম্বে দলের প্রবীণ নেতাদের সঙ্গে পরামর্শ করে দলকে ভাঙনের হাত থেকে রক্ষা ও দলীয় ঐক্যের উদ্যোগ নিন। এজন্য আপনাকে দুই সপ্তাহের সময় দেওয়া হলো।

গতকালই জেলা নেতাদের নিয়ে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দলের মুখপাত্র হিসেবে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দায়িত্ব পালন করবেন।

ভেঙে দেওয়া কমিটির সদস্য ও দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ। তিনি দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পরিবর্তে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করেছেন।

সংসাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেঙে দেওয়া কমিটির প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।