কাপাসিয়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাদের মাদক মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম অভিযানের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক কেনাবেচা, হেফাজতে রাখা এবং সহায়তা করার অপরাধে কাপাসিয়া থানায় পুলিশ বাদী হয়ে শনিবার ১৮টি মামলা করেছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।