ইত্তেফাকের সঙ্গে ছিলাম, আছি, থাকবো

গত ২৪ ডিসেম্বর মানিক মিয়ার দৈনিক ইত্তেফাক ৬৬ বছরে পড়ল।  ৬০ বছর ধরে আমি ইত্তেফাক পড়ছি। দৈনিক ইত্তেফাকের একজন প্রবীণ পাঠক হিসাবে পত্রিকাটির শুভানুধ্যায়ীদের জানাচ্ছি শুভেচ্ছা। অকুতোভয় সাংবাদিক মানিক মিয়া এবং মানিক মিয়ার মহীয়সী সহধর্মিণীর আত্মার শান্তি কামনা করছি। সর্বোপরি ইত্তেফাকের দীর্ঘ আয়ু ও এর কর্মীদের সুস্বাস্থ্য কামনা করি।  ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর হামুদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের জন্য ঢাকায় ছাত্র মিছিলে গুলি, ৬ দফা আন্দোলনের খবর, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মহান স্বাধীনতার খবর পাঠ করেছি এবং ছবি দেখেছি। দেশের বাইরে থাকা অবস্থায় অনলাইনে ইত্তেফাক পাঠ করে দেশের বহু গুরুত্বপূর্ণ ও মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা প্রবাহ জেনেছি। যেমন ২০০১ সালে আমি কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত থাকাকালে বাংলা নববর্ষে ঢাকা রমনা বটমূলের ছায়ানটের অনুষ্ঠানে বর্বরোচিত বোমা হামলা ও ২০১৩ সালের আমেরিকা অবস্থানকালে ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনার সচিত্র সংবাদ পাঠ করে মর্মাহত হয়েছি। গত ৬০ বছরে ইত্তেফাককে ঘিরে আমার অনেক সুখ-দুঃখের স্মৃতি; প্রায়ই সেসব মনে পড়ে। ইত্তেফাক পড়া আজো ছাড়ি নাই। ইত্তেফাকের সঙ্গে ছিলাম, আছি, থাকবো।

খন্দকার কামরুজ্জামান

৩৬৩/১০ উত্তর পীরেরবাগ, মিরপুর, ঢাকা ১২১৬