শ্রেণিকক্ষের সংকট থাকায় পাটি বিছিয়ে পাঠদান

সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাহাবুব চান্দু মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র আকার ধারণ করেছে শ্রেণিকক্ষের সংকট। ফলে সংকট কাটাতে বিদ্যালয় মাঠে বাঁশের বেড়া দিয়ে কোনো রকম একটি ক্লাসরুম বানিয়ে নেওয়া হয়েছে। আর সেখানে পাটির ওপর বসিয়ে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে পাঠ।

জানা যায়, ১৯৩৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চার কক্ষবিশিষ্ট বিদ্যালয়ের একটি অফিসের জন্য ব্যবহার করা হয়। বাকি তিনটিতে ক্লাস নেওয়া হয়। শ্রেণিকক্ষ সংকটের কারণে কোনো না কোনো একটি ক্লাসের শিক্ষার্থীদের বাইরে থাকতে হয়। গত শনিবার (১৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষ সংকটের কারণে বিদ্যালয় মাঠে বাঁশের বেড়া দিয়ে একটি ক্লাসরুম বানানো হয়েছে। সেখানেই পাটি বিছিয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র হূদয় জানান, ক্লাসরুম না থাকায় আমাদের পাটিতে ক্লাস করতে হয়। অন্য ক্লাসের সবাই বেঞ্চে বসে ক্লাস করে। আমাদের ক্লাসরুম হলে ভালো হয়।  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা জাহান জানান, এখন এই রুমে পাটি বিছিয়ে ক্লাস নেওয়া গেলেও বর্ষা ও শীত মৌসুমে ক্লাস নেওয়া সম্ভব হয় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন বলেন, শ্রেণিকক্ষ সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা অফিসার আপিলউদ্দিন জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিদ্যালয়টির ভবন নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। আশাকরি দ্রুততম সময়ের  মধ্যেই বরাদ্দ পাওয়া যাবে।