শিক্ষক গবেষকদের কার্যকর গবেষণা করতে বললেন ঢাবি উপাচার্য

চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কার্যকর গবেষণা করার মাধ্যমে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) আউটব্রেক: চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্নস ফর বাংলাদেশ’ শীর্ষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি। সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার।

এর আগে গত বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকে ‘করোনা ভাইরাস নিয়ে গবেষণা : দুর্যোগকালেও দূরে ঢাবি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই সেমিনার ও বিভিন্ন কর্মপ্রক্রিয়া নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

উপাচার্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সমন্বিত ও সর্বজনীন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, আতঙ্কিত না হয়ে ধৈর্য, সাহসিকতা ও সতর্কতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এব্যাপারে জনসচেতনতা সৃষ্টির ওপর তিনি গুরুত্বারোপ করেন। 

আরও পড়ুন: সারাদেশে রবিবারে কোয়ারেন্টাইন ২৮৪ প্রবাসী

স্বাস্থ্য সেবা অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. বেনজীর আহমেদ বলেন, জনগণের মধ্যে করোনা ভাইরাসের বিস্তৃতিরোধে সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ আক্রান্ত কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এগুলো অনুসরণ করে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রাক্তন পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা অধ্যাপক ড. বেনজীর আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ধন্যবাদ জ্ঞাপন করেন। 

ইত্তেফাক/এসি