পৃথক ঘটনায় নারী শ্রমিক ও বিক্রয়কর্মীর লাশ উদ্ধার
ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দূরপাল্লার একটি বাসের লকার থেকে সুটকেসবন্দি অজ্ঞাত এক তরুণীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেবা গ্রীন লাইন নামে দূরপাল্লার একটি বাস থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
সেবা গ্রীন লাইন পরিবহনের নবীনগর কাউন্টারের কর্মকর্তা মো. লিটন জানান, বাসটি রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জে যাত্রী পরিবহন করে থাকে। শুক্রবার দুপুরে তাদের কাউন্টার থেকে ১৯ জন যাত্রী তুলে মোট ৪০ যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। এরপর আরিচা এলাকায় ফেরি পারাপারের পর নবীনগর থেকে ওঠা এইচ-১ সিটের এক যাত্রীকে আর খুঁজে পায়নি বাসটির স্টাফরা। পরে বাসটি গোপালগঞ্জের নাজিরপুর পৌঁছলে বাসের বক্সে রেখে যাওয়া ঐ যাত্রীর একটি কালো রঙের সুটকেস পাওয়া যায়।
এ সময় মালিক না পেয়ে ঐ বাসেই সুটকেসটি ঢাকার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ শনিবার রাতে গাবতলী থেকে বাসটির চালক লালু মিয়া, সুপারভাইজার সবুজ শেখ ও হেলপার নয়নসহ বাসটিকে নবীনগরে নিয়ে আসে। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঢাকা জেলা পিবিআইকে জানায়। খবর পেয়ে পিবিআই ঢাকা জেলার ইন্সপেক্টর সালাউদ্দিন এসে সুটকেস খুলে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশটি বের করেন। এ সময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে স্কচটেপ লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ লুকানোর জন্য এমন কৌশল নিয়েছে হত্যাকারী।
আশুলিয়া থানা এসআই মাসুদ মুন্সী জানান, বাসটির বক্স খুলতেই এর ভেতর থেকে উটকো গন্ধ বের হতে থাকে। ঐ তরুণীর পরনে কেবল একটি হলুদ রঙের পায়জামা ও অন্তর্বাস ছিল। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফজলুল হক জানান, কীভাবে এবং কেন ঐ তরুণীকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।
এদিকে সাভারের আশুলিয়ার পৃথক স্থান থেকে এক নারী শ্রমিক ও এক বেকারি পণ্য বিক্রয়কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকা থেকে নারী শ্রমিক তানিয়া আক্তার (১৮) ও নিশ্চিন্তপুর এলাকা থেকে বেকারির বিক্রয়কর্মী ইসমাইল হোসেনের (৩৫) লাশ উদ্ধার করা হয়। এঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারী শ্রমিকের স্বামী শাকিলকে আটক করেছে পুলিশ।