গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা গ্রামে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাত আক্তার (৩) শেরপুরের শ্রীবর্দী থানার বেলুয়ার চকবলী গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে এবং লিলি বেগম (৪) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কামারিয়া গ্রামের মোর্শেদ আলীর মেয়ে।

জানা গেছে, জান্নাত ও লিলির বাবা-মা গার্মেন্টসে চাকরি করেন। রবিবার সকালে তারা কর্মস্থলে চলে যান। দুপুরে বাসায় ফিরে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা বাড়ির পাশে অরক্ষিত সেপটিক ট্যাংকে জান্নাত ও লিলির লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, রান্নাঘরের পানির জন্য ট্যাংকটি নির্মাণ করা হলেও ওপরে কোনো ঢাকনা ছিল না। ধারণা করা হচ্ছে খেলা করতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।