ইত্তেফাক রিপোর্ট
ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা জরিমানা আদায়ের জন্য তৈরি করা হয়নি। গতকাল রবিবার সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও হটলাইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, এখন থেকে কোনো ভোক্তা অধিকার বঞ্চিত হলে হটলাইন ‘১৬১২১’ নম্বরে ফোন করলেই প্রতিকার পাওয়া যাবে। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম প্রমুখ।