অ্যান্টি-অক্সিডেন্ট কীভাবে জটিল রোগ প্রতিরোধ করে

ডা. সঞ্চিতা বর্মন

আমরা সবাই কম-বেশি অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন শব্দ দুটির সঙ্গে পরিচিত। যা শরীরের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। এছাড়া ভিটামিনের পাশাপাশি কিছু খনিজ লবণও অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এ অ্যান্টি-অক্সিডেন্টগুলো আমাদের শরীরের বেশকিছু জটিল রোগের বিরুদ্ধে কাজ করতে সহায়তা করে। তাই এরা অত্যন্ত জরুরি। শরীরের মেটাবলিজম, সূর্যকিরণ, ধূমপান, ওষুধ সেবন, বিভিন্ন রেডিয়েশন, ব্যায়াম ও শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া-বিক্রিয়ার কারণে প্রতিনিয়ত ফ্রি-রেডিক্যাল তৈরি হচ্ছে। এ ফ্রি-রেডিক্যালগুলো হলো অতি উচ্চকার্যক্ষম অক্সিজেন কণা, যা বিপাকের পর রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের সব অংশে পৌঁছায় এবং শরীরের কোষের ক্ষতি করে। ফলে ক্যানসার, টিউমার, হূদেরাগ, স্ট্রোকের মতো ভয়াবহ রোগসমূহ সৃষ্টি করে। এমনকি এ ফ্রি-রেডিক্যালগুলো কোষের জিনগত পরিবর্তন ঘটাতে সক্ষম, যা বিভিন্ন জেনেটিক রোগের জন্য দায়ী। অ্যান্টি-অক্সিডেন্ট এই ফ্রি-রেডিক্যালগুলো ধ্বংস করে এবং ফ্রি-রেডিক্যাল শরীরে তৈরি হতে দেয় না। ভিটামিন-এ, সি, ই হলো প্রধান অ্যান্টি-অক্সিডেন্ট, যা আমরা দৈনন্দিন খাবারের মাধ্যমে পেয়ে থাকি। এছাড়া অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী।

লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ