রাঙ্গামাটি প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ রাঙ্গামাটি জেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার মঙ্গলবার বিলাইছড়ি বাজারে নির্বাচনী সমাবেশ করেছেন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ যদি পার্বত্য অঞ্চলে না থাকে শান্তিচুক্তি বাস্তবায়ন আরও ভু-লণ্ঠিত হবে। কারণ শান্তিচুক্তি বাস্তবায়নের অন্যতম শক্তি হচ্ছে আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, বিগত ৫ বছরে বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমরা অনেকবার গিয়েছি। সাধারণ মানুষ আমাদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। সাধারণ মানুষের সঙ্গে আমাদের এ সম্পর্ক ও ভালোবাসা আছে বলে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি।
তিনি আরও বলেন, এবার রাঙ্গামাটি আসনে ভোট বিপ্লব হবে। বিপ্লব কার পক্ষে হবে? ব্যালট বিপ্লব হবে উন্নয়নের পক্ষে, সমৃদ্ধির পক্ষে, অসাম্প্রদায়িক চিন্তা চেতনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, ব্যালট বিপ্লব হবে নৌকার পক্ষে। আর কার বিপক্ষে ব্যালট বিপ্লব হবে? অবৈধ অস্ত্রের বিরুদ্ধে, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে, যারা মিথ্যা কথা বলে, যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধে ব্যালট বিপ্লব হবে। সুতরাং আপনারা এ ব্যালট বিপ্লবে অংশগ্রহণ করুন। আগামী ৩০ ডিসেম্বর আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের একটা আসন উপহার দিন। যাতে সরকার গঠন করে আমাদের চলমান উন্নয়ন আরও বেগবান হয়।
বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম সাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম পি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।