করোনা ভাইরাস সংক্রমণ
স্পোর্টস ডেস্ক
সময়টা মোটেও ভালো যাচ্ছে না এসকিয়েল গ্যারাইর। কিছুদিন আগেই লিগামেন্ট ছিঁড়ে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন। এখন লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে করোনার কবলে পড়লেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে ব্যাপারটি জানান ভ্যালেন্সিয়া ডিফেন্ডার। তিনি লিখেন, ‘এটা পরিষ্কার যে ২০২০ সালটা মোটেও ভালো যাচ্ছে না আমার। করোনা ভাইরাস পরীক্ষায় আমি পজেটিভ প্রমাণিত হয়েছি। তবে আমি ভালোই বোধ করছি এবং এখন আমাকে ডাক্তারদের কথামতো চলতে হবে। এই সময়ের জন্য নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রাখতে হবে আমাকে।’ দিন তিনেক আগে পুরো ভ্যালেন্সিয়া স্কোয়াডকেই করোনা ভাইরাসের জন্য পরীক্ষা করা হয় এবং গ্যারাই প্রথম খেলোয়াড় হিসেবে পজেটিভ প্রমাণিত হন। তার করোনা সংক্রমণের ফলে পুরো দল ও কোচিং স্টাফ যাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে তার সবাইকেই ভাইরাসের ছড়িয়ে পড়া ছড়ানো এড়াতে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এরপর কিছু পর ক্লাবটি জানায়, দলের আরও দুই ডিফেন্ডার হোসে গায়া ও এলিয়াকুইম মাঙ্গালা এবং ক্লাবটির আরও দুই স্টাফও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।