‘সবার জন্যই সময়টা কঠিন’

করোনা ভাইরাস নিয়ে মেসি

 স্পোর্টস ডেস্ক

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের ফলে ভক্ত-সমর্থকদেরকে নিরাপদ থাকার পরামর্শ দিচ্ছেন অনেক ক্রীড়া-তারকাই। সম্প্রতি লিওনেল মেসি যোগ দিলেন সে তালিকায়।

করোনা ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ার কারণে ইউরোপীয় ফুটবল স্থগিত হয়ে গেছে। বার্সেলোনা তাদের সব খেলোয়াড়-কর্মকর্তাকে ব্যক্তিগত কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ‘ছুটির’ সময়টা মেসি কাটাচ্ছেন গৃহবন্দি হয়ে, পরিবারের সঙ্গে। তেমনই এক সময়ের ছবি দিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে করোনা ভাইরাস নিয়ে ভক্ত-সমর্থকদের নিরাপদ থাকার বার্তাটি জুড়ে দেন মেসি।

তিনি বলেন, ‘সময়টা সবার জন্যেই খুব কঠিন। আশপাশে কী হচ্ছে তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। অনেকেই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। অনেকে নিজে আক্রান্ত হয়েছেন, কারো বা পরিবার কিংবা বন্ধু আক্রান্ত। তাদের জন্যে সময়টা আরো কঠিন। তাদের পরিস্থিতিতে নিজেকে কল্পনা করে সবাইকে সাহায্য করতে চাই আমি।’

দুর্যোগপূর্ণ এ সময়ে যারা জনসেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তাদের তারিফও করেন মেসি,  ‘এই কঠিন সময়ে অনেকেই অন্যের জন্যে স্বেচ্ছায় লড়ছেন, সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালে কিংবা স্বাস্থ্যকেন্দ্রগুলোয়। স্রষ্টা সবাইকে এ দুর্যোগকে প্রতিহত করার শক্তি দিন।’ তবে মেসির মতে সবকিছুর আগে জনস্বাস্থ্যই মুখ্য। বার্সা অধিনায়কের কথা, ‘আমার মনে হয়, স্বাস্থ্যই সবার আগে, তারপর অন্য কিছু আসবে। কিন্তু বর্তমানে সবাই স্বাস্থ্য নিয়ে শঙ্কিত।’

সবাইকে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মানার তাগিদও দেন মেসি, ‘এমন এক সময় চলছে যার সঙ্গে আমরা পরিচিত নই। আমাদের সবাইকে অবশ্যই স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা উচিত। আর এভাবেই পরিস্থিতির মোকাবিলায় এটাই সবচেয়ে কার্যকরী উপায়।’

গৃহবন্দি সময়ের একটা ভালো দিকও অবশ্য খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারলেও একে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর দারুণ এক সুযোগ হিসেবেও দেখছেন মেসি।

বার্সা ফরোয়ার্ড বলেন, ‘এখন সময়টা দায়িত্বশীল হওয়ার এবং ঘর ছেড়ে বের না হওয়ার। ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ এসেছে আপনার সামনে। এমন সুযোগ তো আর সবসময় পাওয়া যায় না! একটা আলিঙ্গন রইল সবার জন্যে এবং আমরা আশা করি শিগগিরই পরিস্থিতিটা বদলে দিতে পারব।’

বার্সেলোনা কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের জন্যে সব ধরনের অনুশীলন কিংবা যে কোনো ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত শুক্রবার কাতালান দলটির সব ধরনের খেলোয়াড়রা করোনা নিয়ন্ত্রণে নিজেদের করণীয় সম্পর্কে বার্সেলোনা হসপিটাল ক্লিনিকের প্রতিষেধক ওষুধ ও মহামারি বিভাগের প্রধান আন্তনি ত্রিয়া ও বার্সেলোনা মেডিক্যাল সংস্থার প্রধান হুয়ামে পারদোসের কাছ থেকে নির্দেশনা পেয়েছেন।