করোনা আতঙ্কে কয়েকদিন স্কুলে অনুপস্থিত ছিলেন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ ছাত্রী। এ ঘটনায় অষ্টম শ্রেণির ঐ ১৫ ছাত্রীকে ক্লাসে ডেকে পিটিয়েছেন শিক্ষক। বৃহস্পতিবার স্কুলের সহকারী শিক্ষক পল্লব কুমার সেন ডাকু এ ঘটনা ঘটান। এ ঘটনায় ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশ না করা শর্তে ছাত্রীদের অভিভাবকরা জানান, দেশে গত কয়েকদিন থেকে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। এতে আমার মেয়েসহ অনেক শিক্ষার্থী জনসমাগম এড়াতে স্কুলে যাচ্ছে না। বৃহস্পতিবার আমার মেয়েকে জরুরিভাবে স্কুলে যেতে বলা হয়। এরপর অনুপস্থিত থাকার অযুহাতে তাকেসহ অনেক ছাত্রীদের লাঠি দিয়ে পিটিয়েছেন সহকারী শিক্ষক পল্লব কুমার সেন।
অভিযোগ অস্বীকার করে পল্লব কুমার সেন ডাকু বলেন, ইদানিং ছাত্রীরা ক্লাসের চেয়ে প্রাইভেট নিয়ে বেশি ব্যস্ত থাকে। অষ্টম শ্রেণিতে প্রায় ১২০ জন ছাত্রী রয়েছে। এদের মধ্যে গড় প্রতিদিন ২০/৩০ জন ছাত্রী উপস্থিত থাকে। ক্লাসে উপস্থিতি বাড়াতে বৃহস্পতিবার অনুপস্থিত ছাত্রীদের আমি শাসন করেছি মাত্র। এরপর থেকে ছাত্রীদের উপস্থিতি বেড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিষয়টি অস্বীকার করেন বলেন, ছাত্রীদের পিটানোর মতো কোনো ঘটনা আমার জানা নেই। আর এ বিষয়ে আমাকে কেউ কোনো অভিযোগও দেয়নি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহসানুল হক মাসুদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক বলেন, এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। যদি এ রকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।