কুমিল্লা-১০ আসনে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ, নেতৃত্ব শূন্য বিএনপি

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসনে প্রচারণায় ব্যস্ত রয়েছে আওয়ামী লীগ আর নেতৃত্ব শূন্যতায় বিএনপি।

আওয়ামী লীগ প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি নির্বাচনী এলাকার সর্বত্র বিরামহীনভাবে বিভিন্ন পথসভা এবং গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এছাড়া তিনটি উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পথসভা, উঠান বৈঠক এবং কর্মীসভার মাধ্যমে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। তাদের পোস্টার এবং মাইকিংয়ে সর্বত্র সরব রয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণা নেই বললেই চলে। নাঙ্গলকোটের কোথাও পোস্টার এবং মাইকিংয়ের দেখা মিলছে না। ভোটের মাঠে বিএনপি না থাকায় নির্বাচন নিয়ে এক ধরনের নীরবতা লক্ষ্য করা গেছে। নির্বাচনে বিএনপি মাঠে না থাকায় উত্সবমুখর পরিবেশ নেই বলে ভোটাররা মনে করেন।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক মোবাশ্বের আলম ভুঁইয়া জেলে থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা-মামলার ভয়ে নির্বাচনী মাঠে নামছেন না বলে জানান নেতা-কর্মীরা। তবে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর অনুপস্থিতিতে তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌস তিনটি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংগঠিত করে ঘরোয়া মিটিংসহ তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে নির্বাচনী মাঠে টিকে থাকার কৌশল নির্ধারণ করে যাচ্ছেন বলে বিএনপির কয়েকজন নেতা জানান।

বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর মেয়ে চৌধুরী ড. সায়মা ফেরদৌস বলেন, আমার বাবার প্রতি সাধারণ জনগণ ও নেতা-কর্মীদের ভালোবাসার তাগিদে ঘরোয়া মিটিংগুলো জনসভায় রূপান্তর হচ্ছে। নির্বাচনী এলাকায় প্রতিপক্ষের হুমকি-ধমকি উপেক্ষা করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষ নির্বাচনী পরিকল্পনা করার মতো পরিস্থিতি দিচ্ছে না। তারা আমাদের নেতা-কর্মীদের হুমকি-ধমকি, মারধর ও পোস্টার লাগাতে দিচ্ছে না। আমরা সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। আমি রাজনীতিবিদ নই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার বাবার প্রতি অন্যায়ের প্রতিবাদের জন্য মাঠে নেমেছি।