সোনারগাঁওয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আশরাফুল ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী রোজিনার অবস্থাও আশঙ্কাজনক। তাকে বার্ন ইনস্টিটিউটে চিকিত্সা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রোজিনার শারীরিক অবস্থাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
নিহত আশরাফুলের চাচাতো ভাই আকতার হোসেন জানান, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে লাশ বুঝিয়ে দেওয়ার পর রংপুর জেলার কোতোয়ালি থানার চন্দনবাগ গ্রামে নিজ বাড়িতে জানাজা ও দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার ভোরে সোনরাগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় হাজি গুলজার হোসেনের একতলা বাড়ির একটি ফ্ল্যাটে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ভাড়াটে দম্পতি আশরাফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা মারাত্মকভাবে আগুনে দগ্ধ হন। আশরাফুলের শরীরের ৭৩ শতাংশ ও রোজিনার ৬৩ শতাংশ পুড়ে যায়।
আশরাফুল ইসলাম বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপের নিরাপত্তাকর্মী এবং তার স্ত্রী রোজিনা সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের পোশাক কারখানা ঊর্মী গ্রুপের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।