হাতিয়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

পাঁচ জেনারেটর বিকল

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় লোড- শেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিদিন কোনো না কোনো সংযোগ লাইনে মাত্র ছয় ঘণ্টা করে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে আটটির মধ্যে পাঁচটি জেনারেটর ইঞ্জিন বিকল থাকায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

সহকারী প্রকৌশলী (আবাসিক প্রকৌশলী) মো. মশিউর রহমান জানান, পাঁচটি ৫০০ কেভি জেনারেটর ইঞ্জিন বিকল রয়েছে। ইঞ্জিনগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জনভোগান্তি নিরসনকল্পে ইঞ্জিনগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন।