পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় পুলিশের সঙ্গে পাথর শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৪৬ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিবার আসামিরা আদালতে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার ৪৬ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। বাকি চার আসামির জামিন মঞ্জুর করা হয়। জামিন আবেদনকারী ৫০ আসামি উচ্চ আদালত থেকে গত চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
গত ২৬ জানুয়ারি ভূগর্ভস্থ পাথর উত্তোলনের দাবিতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় সড়ক অবরোধ করে পাথর শ্রমিক। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় এক পাথর শ্রমিক নিহত, আট পুলিশ ও তিন র্যাব সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। ঘটনার পরদিন ২৭ জানুয়ারি সরকারি কাজে বাধাদান, পুলিশ ও র্যাবের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করেন এসআই শাহাদাত হোসেন।