আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আদালতের নির্দেশে বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত বিভাগীয় বেবী হোমের আশ্রিত তিন অনাথ শিশু ফিরে পেয়েছে পরিবার। সোমবার সকালে বেবী হোমে আশ্রিত শিশুদের সমাজসেবা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ও প্রবেশ অফিসারের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, বরিশাল শিশু আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ তিন মাসের শিশু রোমনাকে ফরিদপুরের মধুখালী থানার তারাপুর গ্রামের শিক্ষক দম্পত্তি বিকাশ রঞ্জন বিশ্বাস ও বিথী রানী বিশ্বাসের কাছে হস্তান্তর করেন।
সমাজসেবা অফিসার সুশান্ত বালা আরো জানান, একই আদালতের নির্দেশে শিশু ফাহিমা আক্তারকে বরিশালের বগুড়া রোডের বাসিন্দা হায়াত উল্লাহ সিকদারের ছেলে আনোয়ার হোসেন সিকদারের কাছে হস্তান্ত করা হয়েছে। ঐ আদালতের নির্দেশে বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের খলিলুর রহমানের ছেলে মনিরুজ্জামান দম্পতির কাছে ছয় মাসের শিশু রেদোয়ান অহমেদ জিমকে হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার ও প্রবেশন অফিসার মো. সাজ্জাদ পারভেজ, সমাজসেবা অফিসার সুশান্ত বালা প্রমুখ।