পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার শয্যার দুইটি আইসোলেশন রুম প্রস্তুত রাখা হয়েছে। তিন জন চিকিত্সক ও চার জন নার্সসহ মোট সাত সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হলেও নিরাপত্তা বা সুরক্ষার জন্য প্রয়োজনীয় মেডিক্যাল মাস্ক ও সুরক্ষা ইউনিফরম নেই তাদের কাছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাধারণ ওয়ার্ডের পাশে দুই তলায় আলাদা দুইটি রুমে চারটি বেড রাখা হয়েছে। উপজেলা আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. রেজাউল কবির কাওসারের নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিত্সা ডা. মো. রেজাউল কবির কাওসার ইত্তেফাককে বলেন, আইসোলেশন রুম, চিকিত্সক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার ইত্তেফাককে বলেন, হাসপাতালে করোনা ভাইরাস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে করোনা ভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় কোনো মেশিন বা কিটস হাসপাতালে নেই।
কাহারোল হাসপাতালে কোয়ারেন্টাইন ইউনিট স্থাপন
এদিকে কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার আইসোলেশন ও কোয়ারেন্টাইন ইউনিট স্থাপন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিত্সাসেবা দিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিত্সক, নার্স, চিকিত্সাসামগ্রী রাখা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম জানান।